রাজনীতি

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা নির্বাচনি গণসংযোগকালে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় গণসংযোগ চলাকালে তিনি অসুস্থ বোধ করলে দ্রুত তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল (২৫০ শয্যা) নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তিনি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

কুষ্টিয়া পৌর জামায়াতের আমির এনামুল হক জানান, নির্বাচনি প্রচারণার সময় হঠাৎ করে মুফতি আমির হামজার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পেটের পীড়াজনিত সমস্যার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানান তিনি। বর্তমানে তার অবস্থা ভালো রয়েছে বলেও নিশ্চিত করেন এনামুল হক।

এ বিষয়ে কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, পেটের পীড়াজনিত সমস্যায় তিনি হাসপাতালে ভর্তি হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফুড পয়জনিংয়ের কারণে এ অসুস্থতা হতে পারে। অসুস্থ হওয়ার পর তিনি বেশ কয়েকবার বমি করেছেন। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

চিকিৎসকদের তত্ত্বাবধানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

তার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ৭৭ কুষ্টিয়া-৩ (সদর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও তারই নির্বাচনী প্রতিদ্বন্দ্বী, কুষ্টিয়া জেলা বিএনপি’র সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। মুফতি আমির হামজার শয্যাপাশে উপস্থিত হয়ে তিনি তার সর্বশেষ শারীরিক কী অবস্থা তার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।