20 July 2026 , 7:16:02 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া শহরের একটি মেসে এক তরুণীকে চার দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে রাফিউজ্জামান রবিন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সকালে শহরের আড়ুয়াপাড়া এলাকার একটি বহুতল ভবনের নিচতলার মেস থেকে কৌশলে বেরিয়ে আসার পর ওই তরুণীকে উদ্ধার করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে অভিযুক্ত রবিন তরুণীকে মেসে নিয়ে যান। সেখানে তাকে চার দিন আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীর দাবি, এ ঘটনায় রবিনের কয়েকজন সহযোগীও জড়িত ছিলেন। এ সময় তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি)সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়িয়ে ফেলা হয় বলেও অভিযোগ করেন তিনি।
সোমবার সকালে সুযোগ পেয়ে মেস থেকে বেরিয়ে রাস্তায় এসে স্থানীয়দের কাছে সাহায্য চান ওই তরুণী। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, প্রাথমিক চিকিৎসা পরীক্ষায় যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে। প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষার কার্যক্রম চলমান রয়েছে।
ওসি কবির হোসেন মাতব্বর জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।













