22 July 2026 , 7:07:50 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার তালোয়া মাজার হাফিজিয়া মাদ্রাসার এক ১০ বছর বয়সী ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মো. মুস্তাফিজুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তার হওয়া মুস্তাফিজুর রহমান ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের নারায়ণকান্দি গ্রামের বাসিন্দা মো. রহমান মণ্ডলের ছেলে। তিনি তালোয়া মাজার হাফিজিয়া মাদ্রাসার বড় হুজুর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু গত সাত মাস ধরে ওই মাদ্রাসার কোরআন হেফজ বিভাগে অধ্যয়ন করছে। অভিযোগ অনুযায়ী, গত ১২ জুলাই বেলা প্রায় ১১টার দিকে মাদ্রাসার মক্তব কক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় অভিযুক্ত শিক্ষক শিশুটির শরীরে স্পর্শ করেন এবং তাকে ঘুমিয়ে থাকার ভান করতে বলেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, এরপর অভিযুক্ত শিক্ষক শিশুটির সঙ্গে অশালীন আচরণ করেন এবং বলাৎকারের চেষ্টা করেন। এ সময় পাশের বিছানায় ঘুমিয়ে থাকা আরেক শিক্ষার্থী ঘটনাটি দেখে ফেললে অভিযুক্ত দ্রুত সেখান থেকে চলে যান।
অভিযোগে বলা হয়েছে, পরে ২১ জুলাই দুপুরে অভিযুক্ত শিক্ষক ভুক্তভোগী শিশুকে মাদ্রাসার পাশের কবরস্থানে ডেকে নিয়ে ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি দেন এবং মারধর করেন। এ সময় স্থানীয় দুই ব্যক্তি বিষয়টি প্রত্যক্ষ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে শিশুর পরিবারকে খবর দেন। পরে পরিবারের সদস্যরা থানায় গিয়ে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, “ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।











