16 February 2026 , 4:59:51 প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রত্যাশিত তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এই নবনির্বাচিত এমপি কুশল বিনিময় করেন এবং নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি, তৃণমূল সংগঠনের অবস্থা ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। একই সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিএনপি দলীয় অন্য নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গেও তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হয় বলে দলীয় সূত্র জানিয়েছে । উল্লেখ্য, কুষ্টিয়া জেলার চারটি আসনের মধ্যে কেবল কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনেই বিএনপি প্রার্থী হিসেবে জয় পেয়েছেন আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা; বাকি তিনটি আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা । ফলে তিনি কুষ্টিয়া জেলার একমাত্র বিএনপি দলীয় সংসদ সদস্য হিসেবে জেলার প্রতিনিধিত্ব করছেন এবং একই সঙ্গে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করছেন। আগামীকাল মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে অংশ নিতে এরই মধ্যে ঢাকায় অবস্থান করছেন বাচ্চু মোল্লা । স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মনে করছেন, তারেক রহমানের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ দৌলতপুরের উন্নয়ন, দলীয় সাংগঠনিক পুনর্গঠন এবং জাতীয় রাজনীতিতে কুষ্টিয়ার ভূমিকা আরও শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে










