16 February 2026 , 5:01:34 প্রিন্ট সংস্করণ
মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনে সকালে অনুষ্ঠিত এ শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে কুষ্টিয়ার চারটি আসনে বিজয়ী সংসদ সদস্যরা ইতোমধ্যে ঢাকার পথে রওনা হয়েছেন ।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত বিএনপি দলীয় এমপি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা গতকাল রোববার সকালে ঢাকা উদ্দেশ্যে কুষ্টিয়া ত্যাগ করেন । এ সময় তাঁর সঙ্গে ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, এমপির ছেলে আসিফ রেজা শিশির মোল্লা, দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলসহ স্থানীয় নেতাকর্মীরা। পথিমধ্যে বিভিন্ন স্থানে দলীয় কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান বলে জানিয়েছেন সঙ্গীরা। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুর এবং কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন রোববার বিকেলে যশোর হয়ে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন । জানা গেছে, এর আগে যশোরে জামায়াতে ইসলামী খুলনা বিভাগীয় পর্যায়ের নির্বাচিত সংসদ সদস্যদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে কুষ্টিয়া জেলার তিনজন নবনির্বাচিত জামায়াত সংসদ সদস্যই উপস্থিত ছিলেন। বৈঠক শেষে আব্দুল গফুর ও আফজাল হোসেন বিকেলে বিমানে ঢাকায় পৌঁছান।
কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য মুফতি আমির হামজাও যশোরের বৈঠকে অংশ নেন । বৈঠক শেষে তিনি প্রথমে কুষ্টিয়ায় ফিরে আসেন এবং পরে রাত ৯টার দিকে দলীয় নেতাকর্মীদের একটি প্রতিনিধিদল নিয়ে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তার সফরসঙ্গীরা জানান, নির্বাচনী এলাকার তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেই তিনি ঢাকার পথে পা বাড়ান, যাতে শপথের আগে এলাকাবাসীর প্রত্যাশা ও বার্তা সরাসরি নিয়ে যেতে পারেন। কুষ্টিয়া জেলা জামায়াতের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আজ সোমবার সকালে রাজধানীতে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সারাদেশের নবনির্বাচিত জামায়াত সংসদ সদস্যদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে সংসদে দলের ভবিষ্যৎ ভূমিকা, আইনপ্রণয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ, সাংগঠনিক কৌশল এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে বলেও জানা গেছে। এ লক্ষ্যেই কুষ্টিয়া থেকে নির্বাচিত জামায়াতের তিন সংসদ সদস্য শপথগ্রহণের একদিন আগেই ঢাকায় পৌঁছে গেছেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, আগামীকাল সকালে নির্ধারিত সময়ে নবনির্বাচিত এমপিদের শপথগ্রহণের মাধ্যমে নতুন সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে । কুষ্টিয়ার নির্বাচনী এলাকায় এই চার সংসদ সদস্যের শপথ ঘিরে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি প্রত্যাশার কথাও শোনা যাচ্ছে—তারা চান, নতুন সংসদে কুষ্টিয়ার উন্নয়ন, সড়ক ও স্বাস্থ্য অবকঠামো, শিক্ষা, কৃষি ও কর্মসংস্থানের বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে তোলা হোক ।








